​ব্রেকিং নিউজ

দেশের জনপদ সংবাদ

test

নান্দাইলকে মাদক, জুয়া ও চাঁদাবাজমুক্ত করতে সামাজিক উদ্যোগের ঘোষণা


মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে নান্দাইলকে মাদক, জুয়া ও চাঁদাবাজমুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নে কাজ চলছে। ইতোমধ্যে নান্দাইলকে চাঁদাবাজমুক্ত করতে সক্ষম হয়েছেন বলেও দাবি করেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে ময়মনসিংহের নান্দাইল মডেল মসজিদ হলরুমে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নান্দাইল উপজেলা শাখা ও কওমি মাদরাসার উদ্যোগে আয়োজিত ‘ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ ও কওমি মাদরাসার অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদক নিয়ন্ত্রণ আইন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে যাদের কাছে মাদক পাওয়া যাবে কিংবা যারা মাদকের সঙ্গে জড়িত থাকবে, তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। এ উদ্যোগ শুধু নান্দাইলের জন্য নয়, সারা দেশের জন্যই প্রযোজ্য হবে।

নান্দাইলকে মাদক ও জুয়ামুক্ত করতে একটি কমিটি গঠনেরও ঘোষণা দেন তিনি। সামাজিকভাবে মাদক ও জুয়ার বিরুদ্ধে সচেতনতা তৈরির পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, নান্দাইলের বিভিন্ন মসজিদে ইতোমধ্যে সরকারি অনুদান দেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে আরও ব্যাপকভাবে মসজিদ-মাদরাসায় সহায়তা দেওয়া হবে। এরই মধ্যে ১৪টি মসজিদের উন্নয়নের জন্য ৪২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও মসজিদ-মাদরাসাকে সহায়তার আওতায় আনা হবে।

নান্দাইলের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, গত ছয় মাসে নান্দাইলে ১৮০টি রাস্তার কাজ করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ টেলিভিশনে প্রতিবছর অন্তত একবার কেরাত প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও জানান তিনি। ২০২৬ সালে সারাদেশে হামদ-নাত প্রতিযোগিতা আয়োজনের কথাও ঘোষণা করেন প্রতিমন্ত্রী।

নান্দাইল উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি ইব্রাহিম কাসেমীর সভাপতিত্বে আলোচনা সভায় জমিয়তে উলামায়ে ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম ও কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.