রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঐতিহাসিক কান্তনগর শ্রীশ্রী কান্তজিউ মন্দির প্রাঙ্গণে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী মাসব্যাপী রাস মেলা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসবকে ঘিরে মন্দির ও আশপাশের এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
আয়োজকদের প্রত্যাশা, মাসব্যাপী এ উৎসবে দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম ঘটবে। তাঁদের পদচারণায় মুখর হয়ে উঠবে ঐতিহাসিক কান্তনগর মন্দির প্রাঙ্গণ।
মহারাজা প্রাণনাথের সময়কাল থেকে চলে আসা এই রাস উৎসব শুধু ধর্মীয় আয়োজন নয়, বরং উত্তরবঙ্গের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য নিদর্শন। অপূর্ব স্থাপত্যশৈলী ও দৃষ্টিনন্দন পোড়ামাটির টেরাকোটা শিল্পে সমৃদ্ধ কান্তজিউ মন্দিরকে কেন্দ্র করে প্রতিবছর এ উৎসব দেশ-বিদেশের মানুষের কাছে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।
এর আগে গত রোববার (২২ নভেম্বর) বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুর রাজবাড়ী মন্দির থেকে ধর্মীয় শোভাযাত্রার মাধ্যমে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পালকিতে করে শ্রীশ্রী রুক্মিণী-কান্তজিউ যুগলবিগ্রহ কান্তনগর মন্দিরে নিয়ে আসা হয়। এরপর থেকেই রাস উৎসবকে ঘিরে ভক্ত-পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
মাসব্যাপী এ ধর্মীয় আয়োজনে ভক্তি, শ্রদ্ধা, সংযম ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের দর্শনার্থীদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।
ঐতিহ্যবাহী এই রাস মেলা ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

0 মন্তব্যসমূহ