ফুলবাড়িয়ায় দুই অবৈধ ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা, ভাঙা হলো চিমনি ও কিলনের অংশ


 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে একটি ইটভাটার চিমনি ও কিলনের আংশিক অংশ ভেঙে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সারটিয়া ও লাঙ্গলশিমুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা পুলিশ, আনসার এবং পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেন প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী দুটি ইটভাটাকে জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো হলো—ফুলবাড়িয়া উপজেলার সারটিয়া এলাকার মেসার্স যমুনা ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির চিমনি ও কিলনের আংশিক অংশ ভেঙে দেওয়া হয়। অন্যদিকে লাঙ্গলশিমুল এলাকার মেসার্স ফাইভ স্টার ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে দুই ইটভাটা থেকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ময়মনসিংহ জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ