১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে ৫৩ বিজিবি


 

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) চলতি বছরের প্রথম ১০ মাসে (১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর ২০২৬) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮ কোটি ২৩ লাখ ৪৪ হাজার ৪৩১ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে। এ সময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে।

৫৩ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ৫৪ দশমিক ০৫ কিলোমিটার। এই সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র, বিস্ফোরক ও বিভিন্ন চোরাচালানি পণ্য পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি।

অভিযানে জব্দ করা উল্লেখযোগ্য মালামালের মধ্যে রয়েছে—২টি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি, ১৯টি ককটেল, ১ কেজি ৯৬০ গ্রাম হেরোইন, ৫ হাজার ৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ, ৩ হাজার ৫০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ৬৭৭ বোতল বিদেশি মদ, ২৮৯ বোতল ফেনসিডিল এবং ১৬১ পিস ইয়াবা।

এ ছাড়া ৩২৬টি গবাদিপশু, ৩৮৫টি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ বিড়ি, বিড়ির পাতা ও মসলা জব্দ করা হয়েছে।

সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র, মানবপাচার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করেছে ৫৩ বিজিবি। পাশাপাশি ড্রোন, সার্চলাইট ও অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালানমুক্ত পরিবেশ গড়ে তুলতে স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মী ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সহযোগিতা কামনা করেছে ৫৩ বিজিবি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ