চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, ট্রাকচালক আটক


 

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক আব্দুল মান্নানকে (৩৮) আটক করা হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্ত বিসিআইসি সার ডিলার হুমায়ুন কবির পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে মহারাজপুর মেলার মোড় এলাকায় অবস্থান নেয় সদর মডেল থানা পুলিশের একটি দল। পরে যশোরের নওয়াপাড়া থেকে ছেড়ে আসা সারবোঝাই ট্রাকটি সেখানে পৌঁছালে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে পরিবহন করা ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাকটি জব্দ এবং চালককে আটক করা হয়।

আটক ট্রাকচালক আব্দুল মান্নান (৩৮) যশোরের অভয়নগর উপজেলার মশিউরনগর এলাকার আব্দুর রহিমের ছেলে।

ডিলারের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রির অভিযোগ

স্থানীয় সূত্রের দাবি, জব্দ করা সারগুলো গোলাপেরহাটের বিসিআইসি সার ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেওয়া হচ্ছিল। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরকারি ভর্তুকির সার কালোবাজারে বিক্রির সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশি অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর থেকে ডিলার হুমায়ুন কবির আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ঘটনার পর তাঁর দোকান ও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাকটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ