মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে চাঁপাই-রাজশাহী মহাসড়কের পাশে নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সদর উপজেলার হরিপুর ভাঙা ব্রিজ এলাকায় সড়কের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
নিহত নজরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চৌহদ্দিটোলা গ্রামের মৃত তৈমুর রহমানের ছেলে।
স্থানীয়দের ধারণা, কোনো যানবাহনের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কোন যানবাহনের ধাক্কায় কিংবা কীভাবে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ জানান, মঙ্গলবার ভোরে হরিপুর এলাকার বাসিন্দারা চাঁপাই-রাজশাহী মহাসড়কের পাশে বৃদ্ধ নজরুল ইসলামের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্যসমূহ