গৌরীপুরে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান, ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও চিমনি গুঁড়িয়ে দেওয়া

মকবুল হোসেন
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে একটি অবৈধ ইটভাটার ফিক্সড চিমনি ও কিলন সম্পূর্ণ উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দ্বারিয়াপুর, গুজিখা ও মামদিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শানিরুল ইসলাম শাওনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা ও উপজেলা পুলিশ, আনসার এবং পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন প্রসিকিউশন প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আবু সাঈদ ও পরিদর্শক মো. শাহিন আলম।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে মেসার্স মদিনা ব্রিকস, দ্বারিয়াপুরের ফিক্সড চিমনির সনাতন পদ্ধতির ভাটার চিমনি ও কিলন সম্পূর্ণ উচ্ছেদ করা হয়।

অন্যদিকে, তিনটি অবৈধ জিগজ্যাগ পদ্ধতির ইটভাটার মধ্যে মেসার্স বিসমিল্লাহ ব্রিকসকে ১ লাখ টাকা, মেসার্স একতা ব্রিকসকে ১ লাখ ২০ হাজার টাকা এবং মেসার্স ইকো ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার মোট ৫ লাখ ২০ হাজার টাকা আদায় করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, ময়মনসিংহ জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ