চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

‘ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার দুপুর ১২টায় শহরের চৌমুহনী সড়কসংলগ্ন এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে নামোশংকরবাটী পলাশপুরে সমতা নারী উন্নয়ন সংস্থার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুর্বার নেটওয়ার্ক (চাঁপাইনবাবগঞ্জ জেলা) ও নারীপক্ষের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী এবং দুর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষের চার জেলার দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোসা. আকসানা খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। তিনি বলেন, নারী নির্যাতন প্রতিরোধের বিষয়টি শুধু একটি দিবসের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে নারীর প্রতি সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে অনলাইন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ জরুরি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. শহিদুল ইসলাম এবং নারী উদ্যোক্তা রাশিদা খাতুন শিশির।

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ঘরে-বাইরে এবং অনলাইনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মানববন্ধন ও আলোচনা সভায় নারী নির্যাতন প্রতিরোধ, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নিরাপদ সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ