চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান


 

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পৌরসভা।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত আটটি টিমের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ৮ নম্বর টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় ৬ নম্বর ওয়ার্ডের শাহীবাগ, চক্ষু হাসপাতাল ও আশপাশের বিভিন্ন এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

অভিযানকালে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয়। পাশাপাশি ডেঙ্গু বহনকারী এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা হয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ এবং মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ৮ নম্বর টিমের লিডার ও পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন, সহকারী কর নির্ধারক মো. করিম, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা, স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্য এবং পৌরসভার অন্যান্য কর্মচারীরা।

অভিযান সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশার ওষুধ ছিটালেই হবে না; একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। বাড়ির আশপাশে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্রসহ বিভিন্ন স্থানে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

তারা আরও জানান, ডেঙ্গুর ঝুঁকি কমাতে জেলা প্রশাসনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ডেঙ্গুর বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি নগরবাসীকেও সচেতনভাবে এগিয়ে আসার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ