শাকিল হোসেন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈরে শিল্পাঞ্চলে অস্থিরতা কাটছে না। এরই মধ্যে নতুন করে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এসব কারখানার মধ্যে সাতটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন, সফিপুর এবং রতনপুর এলাকার করণীসহ সাতটি কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টানানো হয়েছে।
এদিকে, এপেক্স হোল্ডিংয়ের শ্রমিক নাজমা, সুলতানা খাতুন, তুহিন শেখ ও আরিফ জানান, প্রতিদিন কাজের জন্য কারখানায় আসেন তারা। কাজ না করলে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করলেও এখন তারা কাজে ফিরতে চান। সরকার বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে। তাই কারখানা চালু রেখে কাজের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।
শ্রমিকরা আরও বলেন, প্রতিদিন সকালে কারখানায় এসে কোনো না কোনো সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। কখনো ছুটি ঘোষণা করা হচ্ছে, আবার কখনো অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেওয়া হচ্ছে। এতে তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
অন্যদিকে, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় কয়েক দিন ধরে উত্তপ্ত রয়েছে গাজীপুরের শিল্পাঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় পুলিশ, শিল্প পুলিশ, আনসার ও বিজিবির ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, প্রতিদিন শ্রমিক আন্দোলন, পোশাক কারখানায় হামলা, ভাঙচুরসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় অনেক কারখানা বন্ধ রয়েছে। কিছু কারখানা খোলা থাকলেও সেখানে স্বাভাবিকভাবে কাজ হচ্ছে না।
তিনি আরও বলেন, আজ থেকে কতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো নোটিশ এখনো শিল্প পুলিশের কাছে পৌঁছায়নি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনেক কারখানা কর্তৃপক্ষ সকালে ছুটি ঘোষণা করেছে। তবে আজ কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি। জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

0 মন্তব্যসমূহ