শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: কোটি টাকার ভারতীয় মোবাইল ও পাথরভর্তি ট্রাকসহ আটক ১


 

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই মোবাইল ফোন, ৪০ টন পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাকসহ এক চোরাকারবারিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপুর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

সোনামসজিদ বিওপির একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজার পাকা রাস্তায় অভিযান চালায়।

অভিযানকালে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক (নম্বর: WB-73-G-4001) তল্লাশি করে পাথরের স্তূপের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় ট্রাকচালক জসিম শেখ (২৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক জসিম শেখ ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার মিল্লিক সুলতানপুর গ্রামের জমিন শেখের ছেলে।

বিজিবি জানায়, জব্দ করা মোবাইল ফোন, ৪০ টন পাথর ও ভারতীয় ট্রাকের সর্বমোট সিজার মূল্য ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সুরক্ষিত রাখতে বিজিবি দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। সীমান্তে চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ