মো. লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় সেলাঙ্গর রাজ্যের সেমেনিয়াহতে একদিনে ১১৬টি অভিবাসন মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন করেছে বিশেষ আদালত। এসব মামলায় মোট ১০৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল সেমেনিয়াহর অবৈধ অভিবাসীবিষয়ক বিশেষ আদালতে এসব মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ১১৬টি মামলার মধ্যে ১১০টি ছিল নতুন মামলা এবং বাকি ৬টি আগে থেকেই বিচারাধীন তালিকায় ছিল।
আদালতের রায়ে ১০১ জনকে ১ থেকে ১০ মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ৭ জনকে ৫ হাজার থেকে ১০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা হয়েছে। নির্ধারিত জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাদের বিকল্প কারাদণ্ড ভোগ করতে হবে।
অন্যদিকে, বাকি ৮ জনের মামলার শুনানি ও প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনার জন্য পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হয়েছে।
এভাবে একদিনের বিচারিক কার্যক্রমে মোট ১০৮ জনের বিরুদ্ধে সাজা ঘোষণা করেছে আদালত। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে দেশটির কর্তৃপক্ষের কঠোর অবস্থানের বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে।

0 মন্তব্যসমূহ