কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের মধ্যে ঝুটের গুদামে আগুন


 

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিক আন্দোলনের মধ্যে পোশাক কারখানার ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই এলাকায় একটি মার্কেটেও আগুন লাগার খবর পাওয়া গেছে।

রোববার (১ নভেম্বর) দুপুরে ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড পোশাক কারখানার পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।

এদিকে শ্রমিক আন্দোলনের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। এ পরিস্থিতিতে মহাসড়কের উল্টো পথে বিজিবির পাহারায় ঘটনাস্থলের দিকে যাচ্ছে ফায়ার সার্ভিসের গাড়ি।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ