রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে জমির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১১ নম্বর মরিচা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের মোট সাতজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত বুধবার (২৮ অক্টোবর ২০২৬) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার শালবাড়ী ডাবড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে বাদীপক্ষের দুজন এবং অভিযুক্তপক্ষের পাঁচজন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শালবাড়ী ডাবড়া এলাকার মৃত মমিন মণ্ডলের ছেলে মো. আব্দুল হাই (৬৫) ক্রয়সূত্রে পাওয়া একটি জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। তবে ওই জমির সীমানা নিয়ে প্রতিবেশী সুরুজ আলী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
অভিযোগকারীর দাবি, ঘটনার দিন সুরুজ আলীসহ ১১ জন লাঠিসোঁটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে তাঁর জমিতে প্রবেশ করে জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
অভিযোগে আরও বলা হয়, সুরুজ আলীর নির্দেশে তাঁর ছেলে পারভেজ ধারালো ছুরি দিয়ে ইউপি সদস্য হাফিজুল ইসলামের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। এ ছাড়া রাসেলের বিরুদ্ধে বাঁশের লাঠি দিয়ে তাঁর হাত ও পিঠে আঘাত করার অভিযোগ রয়েছে। এরশাদ আলীসহ পরিবারের অন্য সদস্যদের মারধর করে আহত করার অভিযোগও করেছেন বাদীপক্ষ।
অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, স্থানীয় মিলন ইসলাম ও জালাল উদ্দিনসহ কয়েকজন এগিয়ে এলে তাঁদের প্রাণনাশের হুমকি দেন অভিযুক্তরা। পরে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন।
অন্যদিকে, সংঘর্ষে অভিযুক্তপক্ষের পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে দুজন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি তিনজন উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। অপরদিকে, বাদীপক্ষের আহত দুজন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ইউপি সদস্য হাফিজুল ইসলামের অবস্থা গুরুতর বলে বাদীপক্ষ জানিয়েছে।
এ ঘটনায় মো. আব্দুল হাইয়ের পক্ষ থেকে ১১ জনের নাম উল্লেখ করে বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারী।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্যসমূহ