থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫


 

শহিদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী একটি নোহা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে থানচির আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, সোমবার বিকেলে পর্যটকদের একটি দল নোহা গাড়িতে করে আলীকদম হয়ে তিন্দুর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে আগোয়া পাড়া এলাকায় পৌঁছালে গাড়িটি চালকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই পর্যটকের মৃত্যু হয় এবং গাড়িতে থাকা আরও পাঁচজন আহত হন।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ও আহতরা সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে হতাহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বলিপাড়া বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত জানান, তিন্দু সড়কে একটি নোহা গাড়ি উল্টে খাদে পড়ে দুই পর্যটক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বিজিবি ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ