মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা, ময়মনসিংহের সহযোগিতায় সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় ময়মনসিংহ সার্কিট হাউস কাবাডি মাঠে এ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও সভাপতি আনুষ্ঠানিকভাবে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন করেন। পরে তাঁরা আমন্ত্রিত অতিথি ও খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং খেলোয়াড়দের উৎসাহিত করেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি সামাজিক ও ব্যক্তিগত জীবনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি শৃঙ্খলা, সৌহার্দ্য, মনোবল ও ক্রীড়াসুলভ মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য, জেলা ক্রীড়া সংস্থার সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক, সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কাবাডি চ্যাম্পিয়নশিপকে ঘিরে মাঠে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

0 মন্তব্যসমূহ