বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা


 

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি

‘শিক্ষক গড়েন সভ্যতা, শিক্ষক মানেই আলোর দিশা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৫ অক্টোবর সকালে উপজেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা পরিবার এবং বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের সমন্বয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি, বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

উপজেলা ক্যাম্পাস থেকে শুরু হওয়া র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজিদা খানম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক ভিপি রেজওয়ানুল ইসলাম রিজু, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বায়ক আসাদুজ্জামান বাবু, সদস্য সচিব আবুল কাশেম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব আহসান হাবীব, সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ শিপন, বীরগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম, দলুয়া স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক লব, কল্যাণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এবং শিক্ষক আব্দুল আহাদসহ অনেকে।

এ সময় নওপাড়া স্কুল অ্যান্ড কলেজ, দলুয়া স্কুল অ্যান্ড কলেজ, ঝাড়বাড়ি, গোলাপগঞ্জ ডিগ্রি কলেজসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা কর্মসূচিতে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা, শিক্ষার মানোন্নয়ন এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

কর্মসূচি শেষে শিক্ষক দিবস উদযাপনকারীরা বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমা খাতুনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদের মাস্টার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ