মকবুল হোসেন
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে ময়মনসিংহ জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।
রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কামরুল হাসান।
সভায় দুর্গাপূজার মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পূজা নির্বিঘ্নে উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং নিরাপত্তা জোরদারসহ পূজা উদযাপন কমিটি ও সংশ্লিষ্টদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়।
পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে। মোতায়েন করা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ডিএসবি ও ডিবির সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো প্রতিরোধে ফ্যাক্ট-চেক ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আজান ও নামাজের সময় পূজার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। শহরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপনেরও আশ্বাস দেন তিনি।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং ময়মনসিংহ জেলা, উপজেলা ও পৌর এলাকার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে পুলিশ সুপার দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

0 মন্তব্যসমূহ