শিবগঞ্জে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ


 

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর ২০২৬) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ও শিবগঞ্জ থানা পুলিশের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

৫৩ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামের মো. কালামের (৩০) বাড়ির সামনে একটি খড়ের স্তূপের নিচে কালো রঙের বালতির মধ্যে ককটেল সদৃশ বস্তু দেখতে পায় বিজিবির টহলদল।

বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখেন এবং শিবগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি ও পুলিশের যৌথ দল সেখানে তল্লাশি চালিয়ে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে।

পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দুপুর সাড়ে ২টার দিকে উদ্ধারকৃত বস্তুগুলো শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ