মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, লার্ভা ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর ২০২৬) বিকেলে জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত ৮টি টিমের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ৮ নম্বর টিম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শান্তি মোড়, রামকৃষ্টপুর ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় রামকৃষ্টপুর এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয়। পাশাপাশি ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে বাসিন্দাদের সচেতন করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন টিম লিডার ও কর নির্ধারক মো. এনামুল হক। এছাড়া পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খান এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদাসহ স্কাউট, রেড ক্রিসেন্টের সদস্য ও পৌরসভার কর্মচারীরা অংশ নেন।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। এজন্য নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকতে না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তারা।

0 মন্তব্যসমূহ