কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের উদ্বোধন


 

শাকিল হোসেন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের আয়োজনে শুরু হয়েছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় গাইড ক্যাম্প-২০২৬।

শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বাড়ইপাড়ায় অ্যাসোসিয়েশনের জাতীয় ক্যাম্প এলাকায় আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। ক্যাম্পটি আগামী ৯ অক্টোবর পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নূরুল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম রকিবুল হাসান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মাহমুদ নিলয় এবং সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা।

অনুষ্ঠানে ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, গাইড কমিশনার ডা. মারিয়া ইয়াসমিনসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৬০০ জন গাইড, গাইডার ও কমিশনার অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও গ্রেড-১ কর্মকর্তা (অব.) কাজী জেবুন্নেছা বেগম।

আয়োজকরা জানান, বাংলাদেশ সরকারের ৩১ নম্বর আইন অনুযায়ী ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে মেয়ে শিশু, কিশোরী ও যুব নারীদের নেতৃত্বগুণ, শৃঙ্খলা, সৃজনশীলতা ও দায়িত্ববোধ বিকাশে কাজ করে আসছে।

সাত দিনব্যাপী এ ক্যাম্পে তাঁবু স্থাপন, প্রকৃতিনির্ভর বিভিন্ন কার্যক্রম, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের নেতৃত্বগুণ, আত্মনির্ভরতা, শৃঙ্খলা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ