মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং জাতীয় শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ও প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহমুদুজ্জামান এবং বিশিষ্ট সমাজসেবক মো. সেলিম রেজা।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক শবনম আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মারুফুল হক।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত হবে এবং তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত হবে।
আলোচনা পর্ব শেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে জাতীয় শিক্ষা পদক-২০২৬-এর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

0 মন্তব্যসমূহ