কালিহাতীতে এসএসএসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ


 

গৌরাঙ্গ বিশ্বাস
বিশেষ প্রতিনিধি
০১৭১২-৯০৮০৬৮

টাঙ্গাইলের কালিহাতীতে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার খিলদা উচ্চ বিদ্যালয় ও খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. এনামুল হক ও উপসহকারী কৃষি কর্মকর্তা প্রবীর চন্দ্র পাল।

এসএসএসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নেইম ও প্রবীণ কর্মসূচির সমন্বয়কারী মো. আক্কেল আলী, পরিবেশ কর্মকর্তা তুষার পাল এবং কালিহাতী শাখার শাখা ব্যবস্থাপক জগদীশ চন্দ্র বিশ্বাস।

এ সময় কালিহাতী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ বিশ্বাস, সাবেক সভাপতি সাংবাদিক শাহ আলম, সাংবাদিক সৈয়দ মহসিন হাবিব ও বিপ্লব সরকারসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, এর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও সচেতনতা তৈরি হবে।

আয়োজকরা জানান, এসএসএসের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে কালিহাতীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ