কুড়িগ্রামে বালুভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত, এক লাখ টাকায় ‘মীমাংসার’ অভিযোগ


 আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বালুভর্তি দ্রুতগতির ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হাসানুর (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ না নিয়ে স্থানীয়ভাবে মাত্র এক লাখ টাকায় বিষয়টি মীমাংসা করার অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ঝাঁকুয়াবাড়ি গ্রামের পাকা রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসানুর ওই গ্রামের আনিসুর রহমান ও হাসনা বেগম দম্পতির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় একটি বালুভর্তি ট্রাক্টর দ্রুতগতিতে ওই সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটির মালিক ভিতরবন্দ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পণ্ডিতপাড়া গ্রামের ফুলবর মিয়া।

শিশুটির মৃত্যুর পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে এক লাখ টাকায় সমঝোতা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় কোনো মামলা বা আইনগত পদক্ষেপ না নেওয়ায় সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের একাংশের প্রশ্ন, একটি শিশুর প্রাণহানির ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে কীভাবে এমন সমঝোতা হলো?

এ বিষয়ে সমঝোতার কথা স্বীকার করে নিহত শিশুর ফুফা হাছিমুদ্দি জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এক লাখ টাকায় বিষয়টি সুরাহা করে দিয়েছেন।

ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম শফি বলেন, “আমি বিষয়টি জেনেছি। পরে স্থানীয় লোকজন এক লাখ টাকায় সমাধান করেছেন।”

অন্যদিকে, নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হতো। তবে দুর্ঘটনায় শিশুটির মৃত্যুর পর পরিবার কোনো মামলা না করেই দ্রুত দাফনকাজ সম্পন্ন করে।

এদিকে সাত বছরের শিশু হাসানুরের মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে জনবসতিপূর্ণ এলাকায় বালুভর্তি ট্রাক্টরের বেপরোয়া চলাচল ও অতিরিক্ত গতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।

এ ঘটনায় দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং আইনগত বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ