আবুধাবির জাতিসংঘ পানি সম্মেলনে সৌদি যুবরাজকে আমন্ত্রণ জানালেন শেখ মোহাম্মদ


 

মো. লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি

আবুধাবিতে অনুষ্ঠিতব্য জাতিসংঘের আসন্ন পানি সম্মেলনে অংশগ্রহণের জন্য সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

সম্প্রতি সৌদি আরবে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মাতার আল ধাহেরি রিয়াদে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ওয়ালিদ আল খুরেইজির কাছে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

আমিরাত ও সেনেগালের যৌথ আয়োজনে আগামী ৮ থেকে ১০ ডিসেম্বর ২০২৬ আবুধাবিতে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, নীতিনির্ধারক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

সম্মেলনে বৈশ্বিক পানিসংকট মোকাবিলা, পানির টেকসই ব্যবস্থাপনা, নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানির নিরাপত্তা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

বিশ্বজুড়ে পানির ক্রমবর্ধমান চাহিদা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং নিরাপদ পানির সংকট মোকাবিলায় কার্যকর ও টেকসই সমাধান খুঁজে বের করাই এ সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য।

আন্তর্জাতিক পর্যায়ে পানি ব্যবস্থাপনা নিয়ে সহযোগিতা বৃদ্ধি এবং দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে বৈশ্বিক পানিসংকট মোকাবিলায় সম্মেলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ