কালিয়াকৈরে থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ১৫ কিলোমিটারজুড়ে যানজট


 

শাকিল হোসেন কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে। এতে মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে সড়ক অবরোধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় মহাসড়কে মাটিভর্তি বস্তা, কাঠ ও রাস্তার ডিভাইডারের ইট ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি বাঁশ ফেলে তাতে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

শ্রমিক আন্দোলনের মুখে কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত ১৫টি শিল্পকারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এদিকে মহাসড়কে আটকে পড়া যাত্রী ও চালকদের দুর্ভোগ কমাতে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায় পুলিশ। তবে শ্রমিকরা অবরোধ অব্যাহত রাখেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে আগুন জ্বালিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পড়লেও বিভিন্ন দিক থেকে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুলিশের গাড়িসহ কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও এপিসি কার মোতায়েন করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বর্তমানে ফায়ার সার্ভিস, চন্দ্রা ত্রিমোড়, পল্লীবিদ্যুৎ বাসস্ট্যান্ড, আনসার একাডেমি ও শফিপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এসব এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী আজিজ জানান, কোনাবাড়ি থেকে টাঙ্গাইল অভিমুখে কয়েক কিলোমিটার পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে। একইভাবে টাঙ্গাইল থেকে গাজীপুর অভিমুখেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মহাসড়কের কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে শ্রমিকরা বিক্ষোভ করছেন। পুলিশ তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। উত্তেজিত শ্রমিকদের নিবৃত্ত করা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ