মকবুল হোসেন
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪, সিপিএসসি’র পৃথক দুটি অভিযানে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
এসআরবি-১৪ সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযান—দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
নেত্রকোনার পূর্বধলা থানায় দায়ের করা দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আনারুল ইসলাম (২২)-কে গ্রেফতার করেছে এসআরবি-১৪।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আনারুল ইসলামের সঙ্গে ভুক্তভোগী নারীর প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হয়। পরবর্তীতে সম্পর্কের অবনতি হলে আসামি তাকে তালাক দেন। এরপর গত ২৯ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যায় দেখা করার কথা বলে ওই নারীকে ডেকে নেন তিনি। পরে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তাকে জোরপূর্বক জনশূন্য এলাকায় নিয়ে গিয়ে আসামিসহ আরও কয়েকজন ধর্ষণ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী পূর্বধলা থানায় মামলা দায়ের করেন। মামলাটি পূর্বধলা থানার মামলা নং-১৬, তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫; ধারা-৯(৩), নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)।
মামলা দায়েরের পর আসামিরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরে তথ্যের ভিত্তিতে গত ৪ অক্টোবর বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার চেঁচুয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আনারুল ইসলামকে গ্রেফতার করে এসআরবি-১৪, সিপিএসসি’র একটি আভিযানিক দল।
দ্বিতীয় অভিযান—যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
অপর একটি অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে ঢাকা জেলার সাভার থানার জয়নাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গত ৪ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এসআরবি-৪, সিপিসি-২, নবীনগর, সাভারের সহায়তায় পরিচালিত এ অভিযানে ডিএমপি ঢাকার ডেমরা থানার মামলা নং-৩৮(৮)১৬, ধারা-৩০২ পেনাল কোডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মনোয়ার হোসেন (৪৬)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মনোয়ার হোসেন শেরপুর জেলার ঝিনাইগাতী থানার ঘাগড়া প্রধানপাড়া এলাকার মো. আনসার আলীর ছেলে।
এসআরবি-১৪-এর পক্ষ থেকে প্রেস রিলিজের মাধ্যমে পৃথক দুটি অভিযানে দুই আসামিকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করা হয়েছে।

0 মন্তব্যসমূহ