মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আকুয়া ভাংগারপুল এলাকায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে সাদ্দাম হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অন্তর (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকুও উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬ অক্টোবর মঙ্গলবার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে আকুয়া ভাংগারপুল এলাকায় বিল্লাল হোসেনের ছেলে অন্তরের দোতলার থাকার কক্ষে সাদ্দাম হোসেন গেলে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে অন্তর তার হাতে থাকা চাকু দিয়ে সাদ্দামের বুক ও পেটে একাধিক আঘাত করেন। এতে সাদ্দাম গুরুতর রক্তাক্ত জখম হন।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। নিহত সাদ্দাম ময়মনসিংহ নগরীর কোতোয়ালি থানাধীন আকুয়া ভাংগারপুল এলাকার পান্নু মিয়ার ছেলে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্তর (২৫), পিতা—বিল্লাল হোসেন, সাং—আকুয়া ভাংগারপুল, থানা—কোতোয়ালি, জেলা—ময়মনসিংহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের মরদেহ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

0 মন্তব্যসমূহ