রংপুরে নিখোঁজের দুই ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ


 

আরমান হোসেন রাজু, রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার

রংপুরের তারাগঞ্জে বাড়ির আঙিনা থেকে নিখোঁজ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর পুকুরের পানি থেকে রাফি নামে ১৮ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাফি ওই গ্রামের রাসেল মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাফি বাড়ির আঙিনা ও আশপাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে নিখোঁজ হয়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির অদূরে একটি পুকুরের পানিতে স্থানীয়রা শিশুটিকে ভাসতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে স্বজনরা স্থানীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করলেও ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।

তারাগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ