মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় কালিগঞ্জ বাবুপাড়া এলাকায় পৌরসভার ৮ নম্বর টিমের উদ্যোগে এ অভিযান চালানো হয়। এ সময় ফগার মেশিনে মশক নিধন, গাছপালা পরিষ্কার ও ছাঁটাই এবং বিভিন্ন স্থানে কীটনাশক ছিটানো হয়। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে স্থানীয়দের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ৮ নম্বর টিমের লিডার ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হক। এ সময় পৌর কর্মচারী, রেড ক্রিসেন্ট ও স্কাউটস সদস্যরা অংশ নেন।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে এবং খোলা পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে।

0 মন্তব্যসমূহ