চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল


 

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবিস্তার রোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় পৌরসভার পিটিআই এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে পৌরবাসীকে রক্ষা করতে নিয়মিত মশক নিধন, এডিস মশার লার্ভা ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, বাড়িঘর, ছাদ, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে এডিস মশার বংশবিস্তার ঘটতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুজার গিফারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামীর আমির হাফেজ গোলাম রাব্বানী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম পরিচালনা করলেই চলবে না; একই সঙ্গে এডিস মশার প্রজননস্থলও ধ্বংস করতে হবে। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রামসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

কর্মসূচির মাধ্যমে পৌর এলাকার বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ