সাবেক প্রতিমন্ত্রী এ.কে.এম. মোশাররফ হোসেনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত


 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:


ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য, সাবেক সচিব ও সাবেক প্রতিমন্ত্রী এ.কে.এম. মোশাররফ হোসেন এফসিএ-এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রোববার (১৮ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে অবস্থিত অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য জাকির হোসেন বাবলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকনোজ্জামান রোকন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি।


আলোচনা সভায় বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম খান রাজু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এ সময় প্রয়াত এ.কে.এম. মোশাররফ হোসেনের রাজনৈতিক জীবন, দলীয় কর্মকাণ্ড ও অবদানের কথা স্মরণ করা হয়। অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


আলোচনা সভা শেষে নগরীর নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ