লালমনিরহাট পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের দাবি
রওশন বাবু, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজ থেকে শখের বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বেহাল অবস্থায় পড়েছে। সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। এতে সড়কটি অনেকটা মাটির রাস্তায় পরিণত হয়েছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকদের।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গেছে। খানাখন্দে ভরা এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। বিশেষ করে রিকশা, ইজিবাইক ও মোটরসাইকেল চলাচলে বেড়েছে ঝুঁকি। ভাঙাচোরা সড়কে যানবাহনের ভারসাম্য হারিয়ে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
স্থানীয় পথচারীরা জানান, সড়কটির অবস্থা এতটাই নাজুক যে স্বাভাবিকভাবে হেঁটে চলাচল করতেও সমস্যায় পড়তে হচ্ছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে এ পথ ব্যবহার করতে হচ্ছে তাঁদের। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছে।
এলাকাবাসীর অভিযোগ, গুরুত্বপূর্ণ এ সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করলেও এর সংস্কারে কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তি সহ্য করতে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কার করা হলে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ অনেকটাই কমবে।
এ অবস্থায় জনদুর্ভোগ নিরসনে সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য লালমনিরহাট পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সড়কটি চলাচলের উপযোগী করে তুলবে।

0 মন্তব্যসমূহ