অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কেরানীগঞ্জের বামনশুর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের আহ্বায়ক, প্রখ্যাত গীতিকার ও সুরকার সুফি সাধক আরিফ দেওয়ানের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের আহ্বায়ক সুফি সাধক আরিফ দেওয়ান, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. রেজাউল ইসলাম (কবি ও গবেষক) এবং সংগঠনটির কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে আহ্বায়ক আরিফ দেওয়ান অভিযোগ করে বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল এবং তাকে ব্যক্তিগতভাবে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে ভুল ধারণা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
তিনি বলেন, এসব অপপ্রচারে কেউ যেন বিভ্রান্ত না হন। একই সঙ্গে যারা সংগঠন ও এর নেতৃবৃন্দের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালাচ্ছেন, তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
আরিফ দেওয়ান বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সময় থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল একটি সংগঠন হিসেবে বাউল সমাজের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে আসছে। বাউল সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণ এবং শিল্পীদের কল্যাণে সংগঠনটি ভবিষ্যতেও কাজ করে যাবে বলে তিনি জানান।
এ সময় সংগঠনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. রেজাউল ইসলাম বলেন, তিনি কোনো বাউল শিল্পী বা পুরো বাউল সমাজকে ‘ফ্যাসিস্ট’ বলে মন্তব্য করেননি। শুধুমাত্র গুটিকয়েক ব্যক্তি, যারা ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছে বলে অভিযোগ রয়েছে, তাদের প্রসঙ্গেই বক্তব্য দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়টি নিয়ে কোনো বাউল শিল্পী বা সাধারণ মানুষ যেন বিভ্রান্ত না হন। বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের মূল লক্ষ্য হলো বাউলদের পাশে দাঁড়ানো, তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করা এবং শিল্পীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা।
সদস্য সচিব জানান, বাউল শিল্পীদের সহায়তা, তাদের বিভিন্ন সমস্যা সমাধান এবং বাউল সংস্কৃতির বিকাশে ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল আরও জোরালো ভূমিকা পালন করবে।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী বাউল সংস্কৃতির সুরক্ষা, বিকাশ এবং বাউল শিল্পীদের কল্যাণে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

0 মন্তব্যসমূহ