দিনাজপুরের বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন, খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার


 

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুলপুর বালিয়া নদীর ওপর নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ প্রায় এক যুগ পর সেতুটি চালু হওয়ায় দুই ইউনিয়নসহ উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হয়েছে।

১১ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার সিংড়া বৌদির মোড় বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুটির উদ্বোধন করেন।

সেতুটি চালু হওয়ায় ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগের অবসান হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে।

অনুষ্ঠানে বাস্তবায়নকারী সংস্থা এলজিইডির উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির জানান, সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২ কোটি ১২ লাখ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা, ইটভাটা মালিক সমিতির সভাপতি ও চেম্বার অব কমার্সের পরিচালক, সাবেক ভিপি এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, যুবদলের সদস্য সচিব ও মরিচা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা আনিসুর রহমান আনিস এবং বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মেয়র পদপ্রার্থী বাবু সুভাষ দাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোগনগর ইউপি চেয়ারম্যান রাজিউর রহমান রাজু, গোপাল চন্দ্র দেবশর্মা, ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, কৃষকদল ইউনিয়ন সভাপতি ফজলে আলম শাহিন, বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম মাজু, ভোগনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সিদ্দিক হোসেন এবং ছাত্র বিষয়ক সম্পাদক শাজাহান সিরাজ শিপনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়দের প্রত্যাশা, নবনির্মিত মৈত্রী সেতুটি এই অঞ্চলের মানুষের যাতায়াত সহজ করার পাশাপাশি এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ