নওগাঁর মহাদেবপুরে নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার


নওগাঁর মহাদেবপুরে নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আলতা বেগম (৫২) নামে এক নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার খাজুর ইউনিয়নের খোদ্দ কালনা উত্তরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলতা বেগম খোদ্দ কালনা গ্রামের মৃত সবিজের মেয়ে। তিনি খাজুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন আলতা বেগম। ২০১৬ সালের নির্বাচনেও মাত্র পাঁচ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। স্বজনদের দাবি, এরপর থেকেই তিনি মানসিকভাবে সমস্যায় ভুগছিলেন।

পরবর্তীতে ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে নারী ইউপি সদস্য নির্বাচিত হন আলতা বেগম। তবে প্রায় দুই বছর আগে স্বামীর আকস্মিক মৃত্যুর পর তিনি আবারও মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবারের সদস্যরা জানান।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে তিনি তার শাশুড়ির সঙ্গে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার সকালে শাশুড়ি তাকে ডাক দিলে শরীর খারাপ লাগছে বলে জানান আলতা বেগম। পরে তিনি আবার শুয়ে পড়েন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ঘরের মধ্যে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চার্জার ভ্যানে তোলেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই ভ্যানের মধ্যেই তার মৃত্যু হয়।

খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন বলেন, আলতা বেগম মানসিক সমস্যার কারণে অধিকাংশ সময় বিষণ্ন থাকতেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। পরে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ