কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন


 

শাকিল হোসেন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আজিবর রহমান (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নিহত আজিবর রহমান ঠাকুরপাড়া এলাকার মারফত আলীর ছেলে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৩ জুলাই রাতে অতর্কিত হামলায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘ ২৬ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৯ আগস্ট গাজীপুরের কেপিজি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, আজিবর রহমানের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে শুক্রবার সকালে নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নিহতের পরিবারের সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন নারগিস আক্তার, আঞ্জুমান আরা, নুসরাত আক্তার, লোবাবা আক্তার, সুফিয়া বেগম, ফরিদুল ইসলাম সাগর, শাহলম হোসেন, আনোয়ার হোসেন, সেলিম রানা ও স্থানীয় ব্যক্তিরা।

বক্তারা বলেন, আজিবর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা ঘটনায় অভিযুক্ত সুমন, সাগর ও তাদের বাবা শরিফ উদ্দিনসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ও মৃত্যুদণ্ডের দাবি জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। এ সময় তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ