ময়মনসিংহে ৬ষ্ঠ জাতীয় সিস্টোবল প্রতিযোগিতার সমাপনী


পুরুষে বাংলাদেশ পুলিশ, নারীতে মিরপুর স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়ন

মকবুল হোসেন
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহে বাংলাদেশ সিস্টোবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং ডিবিএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় ডিবিএল গ্রুপ ৬ষ্ঠ জাতীয় সিস্টোবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী)-২০২৬-এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) ময়মনসিংহ পুলিশ লাইন্স মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ও বাংলাদেশ সিস্টোবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.কে.এম আফজাল উল মুনির এবং সুবর্ণগ্রাম বিনোদন পার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মো. এনায়েত হোসেন।

প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করে। গ্রুপ পর্বের খেলা শেষে পুরুষ বিভাগে ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ পুলিশ সিস্টোবল ক্লাব ও ফিরোজ স্মৃতি সংসদ। অন্যদিকে নারী বিভাগে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে মিরপুর স্পোর্টস একাডেমি ও ফিরোজ স্মৃতি সংসদ।

ফাইনাল শেষে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ পুলিশ সিস্টোবল ক্লাব এবং নারী বিভাগে চ্যাম্পিয়ন হয় মিরপুর স্পোর্টস একাডেমি।

খেলা শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এর আগে ডিআইজি ও আমন্ত্রিত অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সমাপনী বক্তব্যে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান আমন্ত্রিত অতিথিদের অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলা উপভোগ করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি সামাজিক ও ব্যক্তিগত জীবনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যতে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিস্টোবলে নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে।

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত হওয়ার পাশাপাশি মনোবল বৃদ্ধি পায়। প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্যের প্রশংসা করে তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে এসব খেলোয়াড় জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রাখার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক, মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার, ময়মনসিংহসহ রেঞ্জ ডিআইজি কার্যালয় ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ