রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন


 

মো. রাসেল মোল্লা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। চালকদের বিভিন্ন সমস্যা সমাধান, ন্যায্য অধিকার আদায়, কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ শাখা অফিস কাজ করবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রূপসী এলাকায় সিটি গ্রুপের সামনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শাখা অফিসটির উদ্বোধন করেন ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের কেন্দ্রীয় সহসভাপতি মো. জসিম।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরমান মোল্লা ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল মোল্লার সার্বিক পরিচালনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের রূপগঞ্জ শাখার সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌর যুবদলের আহ্বায়ক মো. আফজাল কবির।

প্রধান অতিথির বক্তব্যে মো. আফজাল কবির বলেন, ট্রাক ও কাভার্ডভ্যান চালকরা দেশের পরিবহন ও পণ্য সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে তারা সড়কে দায়িত্ব পালন করেন। তাদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও বিভিন্ন সমস্যা সমাধানে সংগঠিতভাবে কাজ করা প্রয়োজন। নতুন এ শাখা অফিস চালকদের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উদ্বোধক মো. জসিম বলেন, চালকদের কর্মপরিবেশ, নিরাপত্তা ও বিভিন্ন সমস্যা গুরুত্বের সঙ্গে দেখতে হবে। সংগঠনের মাধ্যমে চালকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা হবে। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য চালকদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানায় উৎপাদিত পণ্য পরিবহন ও সরবরাহের ক্ষেত্রে ট্রাক ও কাভার্ডভ্যান চালকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দীর্ঘ কর্মঘণ্টা, সড়ক দুর্ঘটনার ঝুঁকি ও পর্যাপ্ত বিশ্রামের সুযোগের অভাবসহ নানা সমস্যার মধ্য দিয়ে তাদের দায়িত্ব পালন করতে হয়। এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া এবং চালকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই সংগঠনের অন্যতম লক্ষ্য।

বক্তারা আরও বলেন, নতুন শাখা অফিসের মাধ্যমে চালকদের অভিযোগ ও সমস্যাগুলো শুনে তা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে। পাশাপাশি চালকদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে একটি সুশৃঙ্খল কর্মপরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সিনিয়র সহসভাপতি আরশাদ পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, কোষাধ্যক্ষ মো. মনির, সহপ্রচার সম্পাদক কামাল, নির্বাহী সদস্যসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া আলাউদ্দিন, জামান চৌধুরী, শামীম ভূঁইয়া, রোমান মোল্লা, জাহিদুল, কাজী রাজন, শিমুল মোল্লা, আব্দুল ওহাব, জুয়েল তালুকদার, নাসিম উদ্দিন খান, শফিকুল ইসলাম, মজিবুর রহমান ও রানা মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ