ফাইনালে ত্রিশালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জয়
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ঈশ্বরগঞ্জ উপজেলা দল ২-১ গোলে ত্রিশাল উপজেলা দলকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।
খেলা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, এ ধরনের টুর্নামেন্ট দক্ষ খেলোয়াড় গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। পড়াশোনার পাশাপাশি সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ময়মনসিংহের ফুটবলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরে প্রধান অতিথি উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা জানান।
ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু এবং ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বর্ণাঢ্য পরিবেশে আয়োজিত ফাইনাল ম্যাচ দেখতে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক স্টেডিয়ামে উপস্থিত হন। ঈশ্বরগঞ্জ ও ত্রিশালের সমর্থকেরা করতালি, উল্লাস ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিজ নিজ দলকে উৎসাহ দেন। পুরো স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের পাশাপাশি টুর্নামেন্ট ও ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

0 মন্তব্যসমূহ