নীলফামারীতে পুকুর থেকে তাজা হ্যান্ড গ্রেনেড উদ্ধার


 

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
৪ সেপ্টেম্বর ২০২৬

নীলফামারীর সৈয়দপুরে একটি পুকুরের তলদেশ থেকে সক্রিয় (তাজা) একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। পরে র‍্যাবের বিশেষ বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি নিরাপদে নিষ্ক্রিয় করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা আশির উদ্দিন শাহর পুকুরে গোসল করতে নামেন স্থানীয় দুই যুবক তানভির ও আনসারুল। গোসলের একপর্যায়ে তানভিরের পায়ে পানির নিচে থাকা শক্ত একটি ধাতব বস্তু স্পর্শ করে।

কৌতূহলবশত পানির নিচ থেকে বস্তুটি তুলে আনার পর সেটি গ্রেনেডসদৃশ মনে হলে স্থানীয়রা সতর্কতার সঙ্গে সেটি পলিথিনে মুড়ে পুকুরপাড়ে রেখে দেন। পরে বিষয়টি সৈয়দপুর থানায় জানানো হয়।

খবর পেয়ে শুক্রবার বিকেলে র‍্যাব-১৩ (নীলফামারী সিপিসি-২)-এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছায়। র‍্যাবের স্কোয়াড কমান্ডার এএসপি এ টি এম তৌহিদুল ইসলাম ও কোম্পানি কমান্ডার আশরাফুল কবিরের নেতৃত্বে গ্রেনেডটি পরীক্ষা করা হয়।

পরীক্ষা-নিরীক্ষায় গ্রেনেডটি সক্রিয় (লাইভ) বলে নিশ্চিত হওয়া যায়। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে রংপুর থেকে সার্জেন্ট আব্দুল বারীর নেতৃত্বে র‍্যাবের বিশেষ বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।

র‍্যাব কর্মকর্তাদের ধারণা, দীর্ঘদিন ধরে পানির নিচে থাকা গ্রেনেডটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হতে পারে। তবে এর সঠিক সময়কাল ও উৎস সম্পর্কে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে।

গ্রেনেড উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ