মধুপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন চার শতাধিক মানুষ


 

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের কালামাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) আয়োজিত এ ক্যাম্পে অসহায়, নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেওয়া হয়। গাইনি, প্রসূতি ও মেডিসিন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসক ডা. নাঈমা আক্তার নয়ন এবং মেডিসিন, চর্ম ও যৌনরোগ বিষয়ে অভিজ্ঞ **ডা. রাশেদুল ইসলাম (রিফাত)**সহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকেরা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

আয়োজকেরা জানান, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার কালামাঝি এলাকায় নিয়মিতভাবে এ বিনামূল্যের মেডিকেল ক্যাম্প আয়োজন করা হচ্ছে।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, প্রত্যন্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ নিম্নআয়ের মানুষের জন্য অত্যন্ত উপকারী। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন।

মেডিকেল ক্যাম্পের আয়োজক নাজমুল হক বলেন, “গ্রামবাসীর সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি মাসের প্রথম শনিবার নিয়মিতভাবে ক্যাম্প পরিচালনার চেষ্টা করছি। এবারের ক্যাম্পে প্রায় চার শতাধিক মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন।”

আয়োজকেরা জানান, ভবিষ্যতেও গ্রামীণ মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ