রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে ইটভাটার মালিকের প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় মেসার্স এফ.বি.এম ব্রিক্সের ম্যানেজার রিয়াজুল ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বীরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলার আসামি রিয়াজুল ইসলাম হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের নওগাঁ গ্রামের বয়েজ উদ্দিনের ছেলে রেজাউল করিমের বিরুদ্ধে ইটভাটা পরিচালনার সময় ২১ লাখ ৯১ হাজার ৫১৭ টাকা আত্মসাতের অভিযোগে ভাটা মালিক প্রভাষক জাহিদুল ইসলাম ফরহাদ সি.আর ১৪০/২০২৬ (বীর:) নম্বর মামলা দায়ের করেন।
মেসার্স এফ.বি.এম ব্রিক্সের মালিক ও উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক জাহিদুল ইসলাম ফরহাদ অভিযোগ করে বলেন, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে রিয়াজুল ইসলামকে বিশ্বস্ত মনে করে ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হয়। চাকরিরত অবস্থায় তিনি প্রতারণার আশ্রয় নিয়ে ২১ লাখ ৯১ হাজার ৫১৭ টাকা আত্মসাৎ করে চলে যান বলে অভিযোগ করেন তিনি।
জাহিদুল ইসলাম ফরহাদ আরও বলেন, দীর্ঘদিন ধরে ওই টাকা আদায়ের চেষ্টা করেও ব্যর্থ হয়ে বাধ্য হয়ে আদালতে মামলা করেছেন। আত্মসাতের অর্থ দিয়ে অভিযুক্ত ব্যক্তি এলাকায় সম্পত্তি কিনেছেন বলেও তিনি দাবি করেন।
তবে মামলার অভিযুক্ত রেজাউল করিম কারাগারে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার বাড়িতে গিয়েও পরিবারের কোনো অভিভাবকের বক্তব্য পাওয়া যায়নি।
মামলার অভিযোগের বিষয়ে আদালতের পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

0 মন্তব্যসমূহ