গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের দুই শিশুর মৃত্যু


 

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—পালইকান্দা গ্রামের মাজহারুল ইসলামের ছেলে সাফা (৩) এবং নুরুল ইসলামের মেয়ে সাইফানা (৩)। জানা গেছে, নিহত সাফার বাবা মাজহারুল ইসলাম ও সাইফানার মা সাদিয়া আক্তার আপন ভাই-বোন।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে বৃষ্টির সময় শিশু দুটি বাড়ির উঠানে একসঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়।

কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পরে দ্রুত গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মিথুন পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

একসঙ্গে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আপন ভাই-বোনের সন্তান দুই শিশুর একসঙ্গে মৃত্যুতে পুরো এলাকায়ও নেমে এসেছে শোকের আবহ।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ