আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের ব্যস্ততম সাথী সিনেমা হলের সামনের সড়কের নির্মাণকাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগে সংবাদ প্রকাশের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
সম্প্রতি সড়কটির নির্মাণকাজে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে তা সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আসে। এর পরপরই ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ ও ব্যবহৃত খোয়া সরেজমিনে পরিদর্শন করেন ইউএনও মো. সাইফুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি নিম্নমানের খোয়া সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেন। একই সঙ্গে সড়ক নির্মাণে নির্ধারিত মান বজায় রেখে উন্নতমানের নির্মাণসামগ্রী ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ইউএনও বলেন, সড়ক নির্মাণকাজে কোনোভাবেই নিম্নমানের উপকরণ ব্যবহার করা যাবে না। নির্ধারিত মান অনুযায়ী কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সাথী সিনেমা হলের সামনের সড়কটি মধুপুর শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়কের নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হলে অল্প সময়ের মধ্যেই সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সংবাদ প্রকাশের পর প্রশাসনের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন তারা।
এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসনের নিয়মিত নজরদারিতে সড়কটির নির্মাণকাজে যথাযথ মান বজায় থাকবে এবং টেকসইভাবে কাজটি সম্পন্ন হবে।

0 মন্তব্যসমূহ