রুহুল কবির রিজভী: ‘নদী বাঁচলে মানুষ বাঁচবে’
মোঃ সোহাগ মিয়া, উত্তরা প্রতিনিধি
পরিবেশ রক্ষা, নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলজ প্রাণিসম্পদ বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে রাজধানীর দিয়াবাড়ি তুরাগ নদীতে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে দিয়াবাড়ি তুরাগ নদীর তীরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোঃ মোস্তফা জামান।
কর্মসূচিতে বক্তব্য দেন হাজী মোঃ মোস্তফা জামান। তিনি বলেন, তুরাগ নদী ঢাকার উত্তরাঞ্চলের প্রাণ। নদী দূষণ রোধ করে মাছের প্রজনন ক্ষেত্র ফিরিয়ে আনতে পারলে নগরবাসী এর সুফল পাবে। নদী ও পরিবেশ রক্ষায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক এবং কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোঃ চান মিয়া ব্যাপারী, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সোহেল রানাসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির বিপুলসংখ্যক মৎস্য পোনা তুরাগ নদীতে অবমুক্ত করা হয়। নেতৃবৃন্দ নিজের হাতে পোনা নদীতে ছেড়ে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় স্থানীয় জেলে, ছাত্র-জনতা ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে নদীর তীর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, তুরাগ নদীর জীববৈচিত্র্য রক্ষা, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং নদী সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
কর্মসূচি শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

0 মন্তব্যসমূহ