কুড়িগ্রামে ধানখেত থেকে শরীর-মুখ ঝলসানো যুবকের লাশ উদ্ধার

 


আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার

কুড়িগ্রাম, ৬ সেপ্টেম্বর ২০২৬: কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাতে মাছ ধরতে বের হয়ে আর বাড়ি ফেরা হলো না রুবেল হোসেন (২৫) নামে এক যুবকের। নিখোঁজের পরদিন সকালে বাড়ি থেকে কিছু দূরে একটি ধানখেত থেকে তাঁর শরীর ও মুখমণ্ডল ঝলসানো অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের উত্তর ব্যাপারীহাট নিলুরখামার কাশিরবিটা এলাকার একটি ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত রুবেল হোসেন ওই এলাকার ভোলা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রুবেল হোসেন। কিন্তু রাত পেরিয়ে ভোর হলেও তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরে রোববার সকাল ১১টার দিকে এক কৃষক জমিতে সার দিতে গিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির পাশে রুবেলের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

স্থানীয়রা জানান, নিহতের মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ ঝলসানো ছিল। তাদের ধারণা, রাতের অন্ধকারে মাছ ধরতে যাওয়ার সময় কোনোভাবে বৈদ্যুতিক খুঁটির সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে নাগেশ্বরী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কেউ যোগাযোগ করেননি।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ