আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
তারিখ: ১৭ আগস্ট ২০২৬
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক কৃষকের বসতবাড়ি থেকে প্রায় ১৭ ফুট উচ্চতার একটি বিশাল গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কৃষকের ছেলে ফারুককে (২০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৃষক বাদশা মিয়া (৫০) পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার চর ভূরুঙ্গামারা ইউনিয়নের দুর্গম ইসলামপুর চরে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারা পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন ও এএসআই জাহেদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাদশা মিয়া গাছটি কেটে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করেন বলে পুলিশ জানায়। তবে পুলিশের তৎপরতায় কাটা গাছটি উদ্ধার করা সম্ভব হয়। এ সময় বাদশা মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তার বাড়িতে থাকা ছেলে ফারুককে আটক করে পুলিশ।
ভূরুঙ্গামারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে ভূরুঙ্গামারা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিরা যত দুর্গম এলাকাতেই অবস্থান করুক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। মাদকের বিষয়ে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

0 মন্তব্যসমূহ