​ব্রেকিং নিউজ

দেশের জনপদ সংবাদ

test

কালিয়াকৈরে মাদকের ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে বাসের হেলপার নিহত

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে মাদকের ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে আকাশ মিয়া (২২) নামে এক বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সাকিল চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) রাত পৌনে ৩টার দিকে কালিয়াকৈর উপজেলার ট্রাকস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকাশ মিয়া নওগাঁর বদলগাছী উপজেলার আটাপাড়া পাহাড়পুর এলাকার মজিদুল ইসলামের ছেলে। তিনি কালিয়াকৈরের কুতুবদিয়া এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন এবং রাজধানী পরিবহনের একটি বাসে হেলপার হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে ট্রাকস্ট্যান্ড এলাকায় চার বন্ধু মিলে মাদক সেবন করছিলেন। এ সময় মাদকের ভাগাভাগি ও লেনদেনকে কেন্দ্র করে আকাশের সঙ্গে অন্যদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সাকিল চৌধুরী উত্তেজিত হয়ে ধারালো ছুরি দিয়ে আকাশের বুক ও পেটে উপর্যুপরি আঘাত করেন।

আকাশের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত সাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় আকাশকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর রোববার (১৬ আগস্ট) দুপুরে কালিয়াকৈর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হিজলতলী এলাকা থেকে অভিযুক্ত সাকিল চৌধুরীকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার টান কালিয়াকৈর এলাকার আলম মিয়ার ছেলে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম-বার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে মাদকের বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.