মকবুল হোসেন
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২৪ আগস্ট) ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে গৌরীপুর থানাধীন রামগোপালপুর বাজার এলাকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে এ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তাররা হলেন—হবিগঞ্জের চুনারুঘাট থানার আহমদাবাদ ইউনিয়নের নালুয়া চা বাগান এলাকার মৃত অর্জুন বাড়াইকের ছেলে বিপ্লব বাড়াইক (২৫) এবং একই উপজেলার হাপটা হাওড় এলাকার মো. হারুন মিয়ার ছেলে মো. নাহিদুল ইসলাম ওরফে মো. ইমরান হোসেন সুমন (২৩)।
অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আজগর আলী বাদী হয়ে গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে গৌরীপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

0 মন্তব্যসমূহ